প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 20, 2026 ইং
সোনারগাঁয়ে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ঝিনাইদহ জেলার মহেশপুরের আলামপুর এলাকার শেখ আইনুদ্দিনের ছেলে মো. শরিফুল ইসলাম (৩৫), নেত্রকোনা জেলার দূর্গাপুরের পূর্ব দশাল এলাকার হোসেন আলীর ছেলে মো. হৃদয় মিয়া ওরফে মাইন উদ্দিন (৩০) ও গাজীপুর জেলার টংগী দত্তপাড়া এলাকার আশরাফুলের ছেলে মো. সাইফুল ইসলাম (২৩)।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, রায় ঘোষণার সময়ে কারাদণ্ডপ্রাপ্ত তিনজনের মধ্যে দুইজন আদালতে উপস্থিত ছিলেন। মো. শরিফুল ইসলাম নামে একজন পলাতক রয়েছেন।
এর আগে, ২০২৩ সালের ১৫ ডিসেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৪৬ হাজার পিস ইয়াবাসহ দণ্ডপ্রাপ্তদের আটক করে পুলিশ, যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা। তারা সবাই পেশাদার ইয়াবা ব্যবসায়ী চক্রের সদস্য। সেইসঙ্গে তারা কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে বাসের মাধ্যমে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরসহ আশপাশের কয়েকটি জেলায় সরবরাহ করতেন। পরে এই ঘটনায় মামলা দায়ের হলে সেই মামলায় আদালত আজ এ রায় দেন।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV